সড়ক থেকে ছিটকে খাদে পিকআপ, পেট্রোবাংলার কর্মকর্তা নিহত

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় হেলাল উদ্দিন (৫০) নামে বাংলাদেশ তেল, গ্যাস খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা অপর একজন আহত হয়েছেন। লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাকসুদ আহমেদ জানান, বৃহস্পতিবার (৫ মে) ভোর সাড়ে ৫টার দিকে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা বাজারের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত হেলাল চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা গ্রামের প্রয়াত মুক্তিযাদ্ধা আইউব আলীর ছেলে।

মাকসুদ জানান, পেট্রোবাংলার একটি পিকআপ (নং- ঢাকা মেট্টো-ঠ ১৩-৫৬০০) নোয়াখালীর বেগমগঞ্জ থেকে চাঁদপুরের শাহরাস্তি যাচ্ছিল। পথে চন্দনা বাজারের কাছাকাছি এলে বিকট শব্দে গাড়ির একটি চাকার বিস্ফোরণ ঘটে। সে সময় গাড়িটি ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন আরও একজন।

নিহত হেলালের নিকটাত্মীয় আতিকুর রহমান জানান, হেলাল পেট্টোবাংলার নোয়াখালীর বেগমগঞ্জ ব্রাঞ্চে চাকরি করতেন। তিনি ঈদে ছুটি পাননি বলে বাড়ি যেতে পারেননি। ছুটি পেয়ে আজ বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যান।

লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, লাশ উদ্ধার করে দাফনের জন্য নিজ বাড়িতে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি থানায় আছে।