চট্টগ্রাম নগরীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৯ মে) ভোরে বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগরে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্রসহ তাদের গ্রেফতার করে সিএমপির গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের ৩৪ নম্বর টিম।
গ্রেফতারকৃতরা হলেন আবুল কাসেম ওরফে সিরাজ (৪৫), মোজাম্মেল হক ওরফে রাসেল (৩২), সবুজ ওরফে সাবু (৪৩), নজরুল ইসলাম ওরফে নুরুল ইসলাম নুরু (৪৭), মো. আলমগীর (৫২), আবু তাহের (৬৫), মনির আহম্মদ (৪০), মামুন ওরফে নাহিদ (৩০), সিরাজ মাঝি (৫৭) ও সুজন হোসেন (২৫)। রবিবার রাত সাড়ে ৮টায় সিএমপি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সিএমপির জনসংযোগ কর্মকর্তা এডিসি শাহাদাত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে গ্রিল কাটার, কিরিচ, রামদা ও টর্চলাইটসহ বিপুল পরিমাণ দেশি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ও থানায় ডাকাতি, চুরি, অস্ত্র, মাদক এবং খুনসহ একাধিক মামলা রয়েছে।