নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস দোকানে, নিহত ২

কুমিল্লার লাকসাম উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ধাক্কা লেগে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন জন। মঙ্গলবার (৭ জুন) সকাল ৮টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পোলাইয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মাইক্রোবাসের যাত্রী নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাংলাবাজার এলাকার স্কুলশিক্ষক জামাল উদ্দিন (৫২) এবং দোকানের কর্মচারী স্থানীয় পোলাইয়া এলাকার চাঁন মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭)। দুর্ঘটনায় আহত চালকসহ তিন জনকে লাকসাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে লাকসাম হাইওয়ে ক্রসিং থানার আইসি কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, সকাল ৮টার দিকে কুমিল্লা থেকে একটি মাইক্রোবাসে তিন যাত্রী নোয়াখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় পোলাইয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চায়ের দোকানে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই এক যাত্রী ও দোকানের কর্মচারী মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস থানায় আনা হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।