মীরসরাইয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

চট্টগ্রামের মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৮ জুন) গভীর রাতে উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের চরশরত বাংলাবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান হলো মো. রহিমউল্লাহর মুদি দোকান এবং আব্দুল মান্নানের কুলিং কর্নার। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী।

এলাকার বাসিন্দা সালাউদ্দিন ও শাহজালাল জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে রহিমউল্লাহ ও আব্দুল মান্নানের দোকান পুড়ে যায়। নগদ টাকা, পণ্য সামগ্রী, আসবাবপত্র কিছু রক্ষা করা যায়নি। এলাকাবাসী পার্শ্ববর্তী খাল থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনার কারণে বাজারের অন্য দোকানগুলো রক্ষা পেয়েছে।

মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারি বলেন, আমাদের অফিস থেকে ঘটনাস্থল অনেক দূর। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুনে দুইটি দোকান পুড়ে গেছে। চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়টি তদন্তাধীন রয়েছে।