জাহাজের ট্যাংকে নেমে ২ ভারতীয় নাগরিকের মৃত্যু

চট্টগ্রামে বিদেশি জাহাজের তেলের ট্যাংকে ঘনত্ব পরীক্ষা করতে নেমে দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) রাত ৮টায় পতেঙ্গা থানার পারকিচর এলাকায় সাগরে থাকা জাহাজে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভারতের কেরালার কোল্লাম থানার পুনালুর উন্নিরাজনের ছেলে জিষ্ণু রাজ (২৯) এবং পাউতখৌদ্দি থানার চন্দ্র শেখর নারায়নের ছেলে অখিল সেখর (২৬)। তারা ডেনিস পতাকাবাহী একটি বিদেশি জাহাজে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাহাজের খালী তেলের ট্যাংকের থিকনেস (ঘনত্ব) পরীক্ষার জন্য সিঁড়ি বেয়ে টাংকিতে নামেন তারা। কিছুক্ষণ পর তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। জাহাজের দ্বিতীয় কর্মকর্তা বিষয়টি অবহিত হয়ে তাদেরকে টাংক থেকে উদ্ধার করেন। এরপর কোস্টগার্ড ও লোকাল শিপিং এজেন্টের সহায়তায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জিষ্ণু রাজকে মৃত ঘোষণা করেন। শনিবার (১৮ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় অখিল মারা যান। লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ওসি জানান, জাহাজটিতে মোট ২৫ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ২১ জন ভারতীয়, একজন ডেনিস, ২ জন ফিলিপিনো এবং এক জন লুথিয়ানার নাগরিক।