চট্টগ্রামের লোহাগাড়ায় বাসচাপায় পুলিশ কনস্টেবল মারুফুল ইসলাম নিহতের ঘটনায় বাসের চালককে গ্রেফতার করেছে র্যাব। তার নাম সুজন দে (৩৮)। তিনি চট্টগ্রামের রাউজান থানাধীন ফকির টিলা ইয়াছিন নগর এলাকার মৃত বিমল দের ছেলে। রবিবার (১৯ জুন) সকালে চট্টগ্রামের রাউজান থানাধীন ডাবুয়া জগন্নাথহাট বাজার এলাকায় আত্মগোপন করা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৭ জুন রাত ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি বাজার এলাকায় বাসচাপায় পুলিশ কনস্টেবল মারুফুল ইসলাম নিহত হন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। তিনি ছুটি নিয়ে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।’
তিনি আরও বলেন, ‘চালক সুজন দে ঘটনার পরপরই আত্মগোপন করে এবং হেলপার সাজ্জাদ হোসেনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় নিহত পুলিশ কনস্টেবলের মা বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা করেন।’