আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোসহ ৪ আসামি কারাগারে

রেনিন সোরাঙামাটির রাজস্থলী থেকে আটক মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির নেতা ডা. রেনিন সো ও অংনু ইয়ান রাখাইনসহ গ্রেফতারকৃত দুই কেয়ারটেকারকে জামিন না দিয়ে আবারও কারাগারে পাঠিয়েছেন রাঙামাটির আদালত। বুধবার রাঙামাটির অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী এ রায় দেন।
বিদেশি নাগরিক সম্পর্কিত আইনের একটি মামলা থেকে দুই কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু অং মারমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাস দমন, বিশেষ ক্ষমতা আইন ও বিদেশি নাগরিক সম্পর্কিত আইনের মামলায় রাঙামাটির আটজন আইনজীবী আসামির পক্ষে জামিন আবেদন জানান। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হলে আদালত আসামিদের বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্র নিয়ে শুধুমাত্র বিদেশি নাগরিক সম্পর্কিত আইনের মামলা থেকে দুই কেয়ারটেকারকে অব্যাহতি দিয়ে অন্য দুই মামলায় চার আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।
আগামী ১৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ আগস্ট রাতে রাজস্থলীর কলেজপাড়া থেকে একটি বিলাসবহুল পাকা ভবনে অভিযান চালিয়ে আরাকান আর্মির সদস্য অংনু ইয়ান রাখাইনকে এবং পরদিন বাড়ির কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু অং মারমাকে যৌথবাহিনী আটক করে।

ঘটনার এক মাস পর ১৪ অক্টোবর বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে রাজস্থলীর ইসলামপুর থেকে আটক করা হয় পালিয়ে থাকা আরাকান আর্মি নেতা ড. রেনিন সোকে। আটক চারজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, বিদেশি মুদ্রা পাচার ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা করে রাজস্থলী থানা পুলিশ।

/বিটি/এইচকে/