সরকারি চাল কালোবাজারে বিক্রি, গ্রেফতার ১

চট্টগ্রামে সরকারি প্রকল্পের ৩০৩ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় কামরুল রানা (২৪) নামে এক ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (২৯ জুন) রাত ১১টায় বাকলিয়া থানার রাজাখালী মোশারফ হোসেন সড়কের আইডিয়াল স্কুল গলির শেষ মাথায় তাকে আটক করে পুলিশ।

কামরুল রানা হাটহাজারী থানার চৌধুরীহাট ফতেয়াবাদ সন্ধীপ কলোনির মো. ইকবাল হোসেনের ছেলে। উদ্ধার হওয়া চালের বর্তমান বাজারমূল্য প্রায় চার লাখ ৮৪ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রকল্পভুক্ত সরকারের চলমান কর্মসূচির চাল অবৈধভাবে বিক্রি ও সংরক্ষণের উদ্দেশ্যে ডবলমুরিং থানার মনসুরাবাদ খাদ্যগুদাম থেকে বাকলিয়ায় এনে বিক্রি করা হচ্ছিল। ট্রাক থেকে চালের বস্তা নামানোর সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় কয়েকজন পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে।’

ওসি আরও জানান, বুধবার রাত ৩টার দিকে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ট্রাকচালক মো. কামরুল রানার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।