ইয়াবা বিক্রির সময় পুলিশ সদস্যসহ গ্রেফতার ৪

চট্টগ্রামে ইয়াবা বিক্রির সময় পুলিশের এক কনস্টেবলসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১১টায় নগরীর পাঁচলাইশ থানাধীন কেনটাকি রেস্টুরেন্টের সিঁড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার কনস্টেবল উপল চাকমা (৪৫) ও নান্টু দাশ (৪২), কামরুল ইসলাম (৩০) ও গিয়াস উদ্দিন (৪২)।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পূর্ব গেট কেবি ফজলুল কাদের রোড সংলগ্ন এলাকায় ইয়াবা কেনাবেচা চলছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। র‌্যাবের অভিযানের বিষয়টি টের পেয়ে পালানোর সময় অপরাধীদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে পাঁচ হাজার ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।