অস্ত্র ও গুলিসহ টেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ী মেজর গ্রেফতার

টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী একাধিক মামলার পলাতক আসামি আব্দুর রহিম ওরফে মেজরকে (৩৪) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব। সে উপজেলার হোয়াইক্যং পূর্ব মহেষখালীয়া পাড়ার জকির আহম্মদের ছেলে।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং খারাংখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালকের (ল অ্যান্ড মিডিয়া) পক্ষে এএসপি মো. বিল্লাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল হোয়াইক্যং খারাংখালী বাজার এলাকা থেকে আব্দুর রহিম ওরফে মেজরকে গ্রেফতার করে। তাৎক্ষণিক তল্লাশিতে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় একনলা বন্দুক, ২টি ওয়ানশুটার গান, ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার আসামি আব্দুর রহিম ওরফে মেজর টেকনাফের শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।