চট্টগ্রামের মীরসরাইয়ে সাবেক ছাত্রলীগ নেতা মো. ইব্রাহিম রাজু (২৭) হত্যায় জড়িত থাকার অভিযোগে শাহিনুর ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বার)।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতা ও ৯ ওয়ার্ডের সভাপতি-সম্পাদকের মতামতের ভিত্তিতে তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজি।
তিনি বলেন, ‘গত ৯ জুলাই রাতে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইব্রাহিম রাজু খুন হয়। ওই খুনের ঘটনায় থানায় করা মামলায় শাহিনুর ইসলামকে ১নং আসামি করা হয়েছে। এতে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই দলের নেতাদের মতামতের ভিত্তিতে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে তাকে।’
তিনি আরও বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হজ পালনের জন্য সৌদি আরব রয়েছেন। তার সঙ্গে এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের সঙ্গে আলোচনা করে অব্যাহতিপত্র পাঠানো হবে।’
উল্লেখ্য, গত ৯ জুলাই রাত ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ বিশ্বরোড দরবারটিলা এলাকায় রাজুকে গুরুতর আহত করে ফেলে যায় সন্ত্রাসীরা। পরে রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
হত্যার ঘটনায় নিহতের বাবা মো. মহিউদ্দিন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ১১ জুলাই দুপুরে জোরারগঞ্জ থানায় মামলা করেন। মামলায় এক নম্বর আসামি করা হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ৭নং ওয়ার্ডের সদস্য শাহিনুর ইসলামকে।
এই বিষয়ে জানতে আসামি শাহিনুর ইসলামের মোবাইল নম্বরে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।