সন্তু লারমাকে গ্রেফতারের দাবি জানিয়েছে ইউপিডিএফ

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাকে গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে ইউপিডিএফ’র হিল উইমেন্স ফেডারেশন। একইসঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে খুনের রাজনীতি ও সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। বুধবার (২০ জুলাই) সকালে শহরের পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করে হিল উইমেন্স ফেডারেশন।

মনাববন্ধনে বক্তারা বলেন, ‌‘গত ২৪ বছরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৩৩৫ নেতাকর্মী ও সমর্থকে হত্যা করা হয়েছে। এর মধ্যে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন ২৬২ জন। সবশেষ ১২ জুলাই দিঘীনালার জীপন ত্রিপুরা ও ১৮ জুলাই মাটিরাঙ্গার চিগনচিজি চাকমাকে হত্যা করা হয়েছে। সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামে খুনের রাজনীতির জন্মদাতা, ভ্রাতৃঘাতী সংঘাতের জনক। এসব সংঘাত বন্ধ করে চুক্তি বাস্তবায়নের কর্মসূচি ঘোষণা করুন। আমরা তাতে সমর্থন দেবো। ভূমি দখল, নারী ধর্ষণ ও অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ইউপিডিএফ’র মতো কর্মসূচি দিন। এতে সবার উপকার হবে। সংঘাতের পথ পরিহার করুন।’

সন্তু লারমাকে উদ্দেশ্য করে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নীতি শোভা চাকমা বলেন, ‘আপনি চুক্তি বাস্তবায়নের জন্য আন্দোলনের কথা বলেন, আবার সশস্ত্র সংগ্রাম করছেন। আঞ্চলিক পরিষদের গদি রক্ষার জন্য নিজের দলের কর্মীদের বলি দিচ্ছেন। ২০০০, ২০০৬ ও ২০১৮ সালে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ ও যৌথভাবে চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার করতে ইউপিডিএফ’র সঙ্গে সমঝোতা করেও তা ভঙ্গ করেছেন। এখন নির্বিচারে আমাদের কর্মীদের হত্যা করছেন। তাই আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান থেকে সন্তু লারমাকে অপসারণ করে
গ্রেফতারের দাবি জানাই।’

নীতি শোভা চাকমার সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক এন্টি চাকমা এবং জেলা ও উপজেলার নেতাকর্মীরা।