চট্টগ্রামের লোহাগাড়ার ব্যবসায়ী নুরুল কবির হত্যা মামলায় বড় ভাই নুরুল ইসলাম ও তার তিন ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ জুলাই) চট্টগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয়) ফেরদৌস ওয়াহিদ এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- নুরুল ইসলাম, তার তিন ছেলে ওসমান গণি, সারওয়ার কামাল ও আব্বাস উদ্দীন।
রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নুরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম ও তার মেয়ে নাছিম আক্তারকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী লোকমান হোসেন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের রুস্তম পাড়ার নুরুল কবির তার ছোট ভাই নুরুল ইসলামের এক ছেলেকে বিদেশ নিয়ে যান। বিদেশ নিতে খরচ বাবদ এক লাখ ৭০ হাজার টাকা দাবি করেন নুরুল কবির। এ টাকা না দিয়ে ক্ষিপ্ত হয়ে ১৯৯৯ সালের ৬ ডিসেম্বর হত্যা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী খালেদা ইয়াসমিন লোহাগাড়া থানায় বাদী হয়ে ছয় জনকে আসামি করে হত্যা মামলা করেন। ২০০৩ সালে ১৩ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গঠন করা হয়। ১৭ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার আদালত এই রায় ঘোষণা করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী সেলিম উল্লাহ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, আদালত চার আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন। অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। দুই আসামিকে আদালত খালাস দিয়েছেন।