ক্ষতিকর উপাদানে নকল আইসক্রিম তৈরি, প্রতিষ্ঠান সিলগালা

কুমিল্লায় ক্ষতিকারক রঙ ব্যবহার ও নামি ব্র্যান্ডের নাম নকল করে আইসক্রিম তৈরি করায় একটি প্রতিষ্ঠান বন্ধসহ দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) জেলার আদর্শ সদর উপজেলায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে এই জরিমানা করে।

অভিযানে উপজেলার শি‌বের বাজারের ‘মেসার্স প্রিয় আইসবারকে’ অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে আইসক্রিম প্রস্তুত, ক্ষতিকারক রঙ, স‌্যাকারিন ও ঘন‌ চি‌নির ব্যবহারসহ নামিদা‌মি ব্রান্ডের নাম নকল ক‌রে মোড়ক করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাদের দুই মণ আইসক্রিম, পাঁচ প্যাকেট বিভিন্ন ক্ষতিকারক রঙ, এক কৌটা স‌্যাকা‌রিন ও এক কৌটা ঘন‌ চিনি জব্দ ক‌রে ধ্বংস করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান‌টি সিলগালা ক‌রে তালা লাগিয়ে দেওয়া হয়।

একই অভিযোগে চাঁনপুর ব্রিজ এলাকার ‘মেসার্স কমলা আইসক্রিম’ ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করে এক রিল নকল আইসবা‌রের মোড়ক, অনু‌মোদনহীন তিন কৌটা ফ্লেভার ও দুই প্যাকেট রঙ জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুমিল্লা জেলার সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলাম জানান, অভিযান চালিয়ে আইসক্রিম এবং আইস‌ক্রিমবার প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রঙ, স‌্যাকারিন ও ঘন‌ চি‌নির ব্যবহার, অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে আইসক্রিম প্রস্তুত ও নামিদা‌মি ব্রান্ডের নাম নকল ক‌রে মোড়ক করার প্রমাণ পাওয়া গেছে। তাই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।