মূল্যস্ফীতি বৈশ্বিক কারণে সৃষ্টি হয়েছে, তাই এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি বলেন, ‘আশঙ্কাবাদীরা মূল্যস্ফীতি নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছেন। তাদের এসব কথায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিভৃত থাকলে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়িত হতো না। এ মূল্যস্ফীতি বৈশ্বিক করণে সৃষ্টি হয়েছে। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
শুক্রবার (২৯ জুলাই) চাঁদপুরে পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনা পরবর্তী সময়ে সব দেশ পুনর্যাত্রা শুরু করেছিল। সে কারণে অধিক চাহিদায় মূল্যস্ফীতি দেখা দিয়েছে। তার ঢেউ বাংলাদেশেও লেগেছে।’
তিনি বলেন, ‘আমাদের পাঁচ মাসের আমদানির সামর্থ্য রয়েছে। যেখানে তিন মাসের সামর্থ্য থাকলেই যথেষ্ট। খাদ্য আমদানি শুরু করলে আমরা ৮-৯ মাস সেটা বহন করতে পারবো। তাই এটিকে সংকট বলা যায় না। তবে বিশ্ব পরিস্থিতির কারণে আমরা সতর্ক রয়েছি। বিদেশ থেকে সাহায্য-সহযোগিতা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অতীতেও নেওয়া হয়েছে। এখনও নেবো।’
ড. শামসুল আলম বলেন, ‘সব দেশ ঋণ করে থাকে। আমেরিকা, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, জাপান— প্রত্যেকে বাংলাদেশের চেয়ে চার গুণ বেশি ঋণ করে থাকে। ঋণ হলো একটি ব্যবসা। কাজেই এ ব্যবসা বিনিয়োগে বাংলাদেশ অংশ নেবে এটাই স্বাভাবিক। তাছাড়া অর্থনৈতিক কোনও কার্যক্রম আমাদের বসে নেই।’
প্রতিমন্ত্রী বলেন, ‘রয়টার্সের একটি প্রতিবেদনে বিশ্বের বেশ কয়েকটি দেশের অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বাংলাদেশের নাম নেই। বলা হয়েছে, বাংলাদেশের মূল্যস্ফীতি স্থিতিশীল রয়েছে। কাজেই বিদেশের মূল্যায়ন ও আমাদের নিজস্ব মূল্যায়নে মনে করি, আমরা দিন দিন এগিয়ে যাচ্ছি। এ বিষয়ে আশঙ্কাবাদীরা সংশয় প্রকাশ করবেই। তাতে আমরা চিন্তিত নই।’
এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সোহেল মাহমুদ, আসিফ মহিউদ্দিন, পুলিশ নারী কল্যাণ সমিতি চাঁদপুরের সভাপতি ডা. আফসানা শর্মীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।