কুমিল্লায় পরিমাপক যন্ত্রের ওপর বৈদ্যুতিক ফ্যান লাগিয়ে ওজনে কারসাজি করাসহ বিভিন্ন অপরাধে চার দোকানদারকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) নগরীর টমছম ব্রিজ এলাকায় ডিম, মুরগি ও মাছের দোকানে এই জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর।
জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, অভিযানে দোকানের মধ্যে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রেখে ইচ্ছেমতো দামে মুরগি বিক্রি করায় ইনসাফ ব্রয়লার হাউসকে দুই হাজার ও মোতালেবের মুরগির দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অনুমোদনহীন পরিমাপক যন্ত্রের ওপর বৈদ্যুতিক ফ্যান লাগিয়ে কৌশলে পরিমাপে কম দেওয়ায় রাত্রি ব্রয়লার হাউসকে চার হাজার ও রবিউলের মুরগী দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরিমাপক যন্ত্র জব্দ করে ভেঙে ফেলা হয়।
তিনি আরও জানান, চিংড়ি মাছে ক্ষতিকারক জেলি মিশিয়ে বিক্রির অভিযোগে বিন্দু মিয়ার মাছের দোকানকে তিন হাজার টাকা জরিমানা ও তিন কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নিরাপদ খাদ্য পরিদর্শক এ কে আজাদ ও জেলা পুলিশের একটি টিম।