টিসিবির পণ্য গুদামে রাখায় ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামে টিসিবির পণ্য গুদামজাত করে অন্য জায়গায় বিক্রি করায় আব্দুল আজিজ সুমন (৩৪) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২০ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপু সংলগ্ন আমিন টেক্সটাইল মিলস লিমিটেডের ভাড়া গুদাম থেকে টিসিবি লোগোযুক্ত পণ্য উদ্ধার করা হয়। 

গ্রেফতার সুমনের বাড়ি হাটহাজারী থানার এনায়েতপুর এলাকায়। বর্তমানে বায়েজিদ বোস্তামী থানার বনানী এলাকায় বসবাস করেন।

র‍্যাব জানায়, এক অসাধু ব্যবসায়ী টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রি না করে মুনাফার আশায় অবৈধভাবে গুদামে মজুত করে রেখেছে—খবর পেয়ে ওই গুদামে অভিযান চালানো হয়। অভিযানকালে সুমন নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গুদাম থেকে ৩৯৮ লিটার সয়াবিন তেল, ২০০ কেজি মসুর ডাল ও ২৫০ কেজি চিনি জব্দ করা হয়েছে।

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বাংলা ট্রিবিউনকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানিয়েছেন, ডিলার মো. বাবুর সহায়তায় টিসিবির পণ্য সংগ্রহ করতেন। এরপর টিসিবির লোগো সংবলিত বোতল থেকে অন্য বোতলে সয়াবিন তেল বোতলজাত করে এবং চিনি ও ডাল সাধারণ প্যাকেটে প্যাকেটজাত করে বিক্রি করতেন। ভর্তুকি মূল্যে টিসিবির সয়াবিন তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা ও চিনি ৫৫ টাকায় খোলা বাজারে ভোক্তাদের মাঝে বিক্রির কথা। এ ঘটনায় গ্রেফতার ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।