টাকা নিতে এসে ‘জিনের বাদশা’ আটক

প্রতারণার মাধ্যমে প্রবাসীর স্ত্রীর থেকে এক লাখ টাকা নিতে এসে জনতার হাতে ধরা পড়েছে কথিত ‘জিনের বাদশা’ রাকিব শেখ (২৪)। উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী দীঘিরপাড়া এলাকায় শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। রাকিব গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মারিয়া কাটুপাড়া এলাকার মৃত আলী আহম্মদ শেখের ছেলে। তার থেকে একটি পিতলের মূর্তি, একটি তসবিহ, একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। এর আগে রাকিব প্রবাসীর স্ত্রী নিলুফার থেকে পাঁচ হাজার ১০০ টাকা হাতিয়ে নেয়।

জানা গেছে, গত ১০ আগস্ট মধ্যরাতে মায়ানী এলাকার এক প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে কথিত জিনের বাদশা রাকিব। এ সময় নানা মিষ্টি কথা বলে এবং ওই নারীকে ভাগ্যবতী উল্লেখ করে পাঁচ হাজার ১০০ টাকা হাতিয়ে নেয় সে। পরদিন ফোন করে স্বামী-সন্তান মারা যাওয়ার ভয় দেখিয়ে ও স্বর্ণের মূর্তি দেওয়ার কথা বলে এক লাখ ২০ হাজার টাকা দাবি করে রাকিব। 

কথা-বার্তার এক পর্যায়ে ওই নারী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বাড়ি ও আশপাশের লোকজনকে বিষয়টি জানান। এরপর শনিবার (২০ আগস্ট) কথিত জিনের বাদশা রাকিব শেখ স্বর্ণের মূর্তি দিতে ও এক লাখ টাকা নিতে ওই নারীর বাড়ি আসে। পরবর্তীতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক আবুল হোসেন বাবুল বলেন, মোবাইল ফোনে প্রতারণার বিষয়টি জেনে কথিত জিনের বাদশাকে ধরতে ফাঁদ পাতা হয়। পরিকল্পনা অনুযায়ী একটি বিদ্যুতের খুঁটির নিচে টাকা রাখা থাকে। সেখানে স্বর্ণের মূর্তি রেখে টাকাগুলো বুঝে নিতে এসে ধরা পড়ে জিনের বাদশা। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

মীরসরাই থানার উপ-পরিদর্শক মো. খায়রুল বলেন, কথিত জিনের বাদশাকে আটক করে এলাকাবাসী আমাদের খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় তার থেকে একটি পিতলের মূর্তি, একটি তসবিহ, একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। প্রতারণার বিষয়ে মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহীদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।