ঝুট গুদামের আগুন ছড়িয়েছে কলোনিতে, পুড়েছে ৮ ঘর

চট্টগ্রামে ঝুট কাপড়ের গুদাম এবং কলোনিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রবিবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। 

এর আগে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ডবলমুরিং থানার সিডিএ ২০ নম্বর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একটি ঝুট কাপড়ের গুদাম এবং কলোনির আটটি টিনশেড ঘর পুড়ে গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. এনামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগুনে একটি ঝুট কাপড়ের গুদাম এবং পাশে থাকা কলোনির আটটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার মালামাল। আগুন প্রথমে ঝুট কাপড়ের গুদামে লাগে। সেখানে থেকে আগুন পাশে থাকা কলোনিতে ছড়িয়ে পড়ে। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের পাঁচটি এবং বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।’

আরও পড়ুন: চট্টগ্রামে ঝুট কাপড়ের গুদাম ও কলোনিতে আগুন

ডবলমুরিং থানার এসআই শহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের সঙ্গে আমরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। সিডিএ ২০ নম্বর এলাকার মুসা সওদাগরের গোডাউন নামে একতলা ভবনে এ আগুন লাগে। ওই ভবনে পোশাক কারখানার ঝুট কাপড়ের গুদাম ছিল। ঝুট গুদামে প্রথমে আগুন লাগে। পরে গুদামের পাশে থাকা টিনশেডের আজিজ মিয়া কলোনিতেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনে কলোনির আটটি ঘর পুড়ে গেছে।’