দুই চাল মিলকে ৩ লাখ টাকা জরিমানা

চালের বস্তার ওজনে কারচুপি এবং বেশি দামে বিক্রির অভিযোগে চট্টগ্রামের দুটি চাল মিলকে তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) বেলা ১২টায় নগরীর পাহাড়তলী বাজারে যমুনা রাইস এজেন্সি এবং ন্যাশনাল রাইস এজেন্সিকে এ জরিমানা করা হয়। চট্টগ্রাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান পরিচালনা করে।

অধিদফতরের সহকারী পরিচালক আনিছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বগুড়ার একটি চাল মিলের বস্তায় অন্য চাল প্যাকেটজাত করা এবং ওজনে কারচুপির অভিযোগে যমুনা রাইস এজেন্সিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং বেশি দামে চাল বিক্রির অভিযোগে ন্যাশনাল রাইস এজেন্সিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, পাহাড়তলী বাজারে বেনামী পণ্য এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে সতেজ ডিপার্টমেন্টাল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিছুর রহমান ও সহকারী পরিচালক দিদার হোসেন প্রমুখ।