চট্টগ্রামে লরির চাপায় প্রাইভেটকার দুমড়েমুচড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারের আরও দুই যাত্রী আহত হয়েছেন। সোমবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা স্টেডিয়াম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম নাসির উদ্দিন (৪০) এবং অপরজনের নাম কামাল উদ্দিন (৩৫)। তারা সীতাকুণ্ডের বাসিন্দা। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। এর মধ্যে আহত একজন হলেন ইসমাইল হোসেন (৬৫)। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহত অপরজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহত এবং আহতরা প্রাইভেটকারের যাত্রী।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাইভেটকারটি নগরী থেকে সীতাকুণ্ডের দিকে যাচ্ছিল। আর লরিটি সীতাকুণ্ড থেকে চট্টগ্রামে আসছিল। পাহাড়তলী থানার সাগরিকা স্টেডিয়াম সড়কে প্রাইভেটকারকে চাপা দিয়ে ওপরে উঠে যায় লরিটি। এতে প্রাইভেটকারের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুজন। আহতদের মধ্যে একজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
নগরীর পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইসমাইল হোসেন ও মো. নাসির উদ্দিন নামে দুজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এর মধ্যে নাসির উদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইসমাইল হোসেনকে হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অপরজনকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’