চলাচলের রাস্তায় দেয়াল, অবরুদ্ধ ২০ পরিবার

কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়াপাড়া এলাকায় বাচ্চু মিয়া নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে ২০টি পরিবার। এ ঘটনায় ভুক্তভোগীদের একজন শওকত আকবর বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, বর্তমানে পাশের জমি দিয়ে চলাচল করছেন ওইসব পরিবারের লোকজন।  

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি শওকত আকবরসহ অন্তত ২০টি পরিবারের শতাধিক লোকজন পাথুরিয়াপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। চলাচলের একমাত্র রাস্তা হিসেবে ওই রাস্তাটি ব্যবহার করে আসছিলেন তারা। গত সোমবার সকাল ১০টায় বাচ্চু মিয়া বহিরাগতদের নিয়ে রাস্তায় দেয়াল নির্মাণ শুরু করেন। এলাকাবাসী বাধা দিলেও জোরপূর্বক রাস্তার দুই প্রান্তে ৫ ফুট উঁচু দুটি দেয়াল নির্মাণ করেন। এর ফলে বসাবাসরত পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।

ভুক্তভোগী শওকত আকবর জানান, প্রায় তিন বছর ধরে ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল করছে। রাস্তার তিন ফুট জমি শওকত আকবর কিনেছেন। সাবেক কাউন্সির সৈয়দ সোহেল পাশের এক ব্যক্তির সঙ্গে সমঝোতার মাধ্যমে বাকি তিন ফুট জমি নিয়ে চলাচলের ব্যবস্থা করে দেন। বর্তমানে দেয়াল নির্মাণ করায় পরিবারগুলো অবরুদ্ধ হয়ে পড়েছে।

এ বিষয়ে অভিযুক্ত বাচ্চু মিয়া বলেন, ‘আমি জমির মালিকের কাছ থেকে ওই জমি কিনেছি। অন্য পাশের জমিগুলোও আমার কেনা। নিজের জমিতে দেয়াল নির্মাণ করেছি।’

কুমিল্লার কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, ‘এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আমরা তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো। ওই পরিবারগুলোর সদস্যরা আপাতত পাশের জমি দিয়ে চলাচল করছেন।’