চট্টগ্রামে অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় মো. সরোয়ার উদ্দীন মুন্না নামে এক ব্যক্তিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ আগস্ট) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত সরোয়ার উদ্দীন মুন্না পটিয়া থানার পূর্ব মনসা মোশাররফ বলীর বাড়ির মৃত জালাল আহম্মদের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
এদিকে মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার জনকে খালাস দেওয়া হয়। এরা হলেন- আব্দুস ছাত্তার প্রকাশ ছাত্তার শাহ, মকবুল, আলী আজগর প্রকাশ জিয়া ও জাহাঙ্গীর।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খুলশী থানায় দায়ের করা অস্ত্র মামলায় সরোয়ার উদ্দীন মুন্না নামে এক ব্যক্তিকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে অস্ত্র রাখার ঘটনায় ১০ বছর এবং কার্তুজ রাখার ঘটনায় ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার জনকে খালাস দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালে ৭ এপ্রিল খুলশী থানার জনতা কলোনি হাউজিং কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি, দুটি কাঠের তৈরি দেশি এলজি, ১১টি কার্তুজ ও দুটি রাইফেলের গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে খুলশী থানায় মামলা করা হয়। মামলায় ২০০৯ সালের ২ নভেম্বর ৫ জন আসামির বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। বৃহস্পতিবার আদালত মামলার রায় ঘোষণা করেন।