ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো সে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুকন্যার দূরদর্শী নেতৃত্বে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। গত ১৩ বছরে দেশ উন্নয়নের পথে অনেকদূর এগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের মাধ্যমে এদেশ শিগগিরই উন্নত দেশের তালিকায় যুক্ত হবে।’
তিনি বলেন, ‘নির্বাচন এলেই স্বাধীনতাবিরোধী অপশক্তি ঐক্যবদ্ধ হয়ে আরেকটি ১৫ আগস্টের স্বপ্ন দেখে। তারা সারা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে। এখনও গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাদের স্বপ্ন কখনও বাস্তবায়ন হবে না। মনে রাখবেন, যতদিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।’
শনিবার (২৭ আগস্ট) বিকালে নগরীর রিমা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই স্বাধীনতাবিরোধী, তারা কখনও এদেশের উন্নয়ন চায়নি। দেশের উন্নয়ন, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বিদেশের মাটিতে বসে সংখ্যালঘুদের উসকানি দিচ্ছে। আমি কিছুদিন আগে পুলিশের একটি অনুষ্ঠানে ’৭৫ পরবর্তী বিষয় নিয়ে বক্তব্য রেখেছি। তারা সেটি ভিন্নভাবে অপপ্রচার করেছে। আমরা এদেশের স্বাধীনতাকে পরাজিত হতে দেবো না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, ‘১৫ আগস্ট স্বাধীনতাবিরোধীরা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, আমরা আগস্টের শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছেন, সেই অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাবো।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রেীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. ফারুক আমজাদ খান, ড. জমির উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক এ.কে. এম. আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা এবং পাঠ ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশিষ কুমার সিংহ প্রমুখ।