কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির মিটিং চলছিল। এ সময় হঠাৎ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য এ বি এম জাহাঙ্গীর আলম অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার দুই ঘণ্টা পর মারা যান তিনি।
তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি আলী আক্কাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার (২৭ আগস্ট) মাগরিবের নামাজের পর ধর্মসাগর পাড়ের বিএনপি কার্যালয়ে মিটিং করতে বসি। ২৯ তারিখে আমাদের সমাবেশের কথা ছিল। এই সমাবেশ নিয়ে আলোচনার একপর্যায়ে জাহাঙ্গীর সাহেব বললেন, তার প্রেশার বেড়ে গেছে এবং তিনি অসুস্থ বোধ করেন। এ সময় আমরা তাকে তাৎক্ষণিক পাশের (সিডিপ্যাথ হসপিটালে) একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাই। তখন প্রায় সাড়ে সাতটা বাজে। পরে ডাক্তার এসে উনাকে আইসিইউতে নিয়ে যেতে বলেন। রাত সাড়ে ৯টায় তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে চিকিৎসক আমাদের জানিয়েছেন।
আলী আক্কাস আরও জানান, তার লাশ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তার আমেরিকান প্রবাসী ছেলে দেশে আসলে হয়তো মঙ্গলবার বা তার আগে বা পরে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিনসহ কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলা, কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ জেলা ও কেন্দ্রীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।