নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে বিয়ের কথা বলে এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে মালয়েশিয়া প্রবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত আশিকুর রহমান আশিক (২৩) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাগিদার বাড়ির ছানা উল্যার ছেলে। শনিবার (২৭ আগস্ট) সকালে নির্যাতনের শিকার তরুণী বাদী হয়ে চার জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার তরুণী খালার বাসায় ৬-৭ বছর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। অভিযুক্ত আশিক মালয়েশিয়া প্রবাসী। চার বছর আগে তার মা-বাবা তরুণীকে জানান, ছেলে মালয়েশিয়ায় একটি মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। এ অবস্থায় ছেলেকে ফেরাতে তরুণীর সহায়তা চান তারা। পরে ওই তরুণী মোবাইল ফোনে আশিকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে আশিক তাকে বিয়ের প্রস্তাব দিলে তরুণী রাজি হয়। গত ১৮ আগস্ট অভিযুক্ত আশিক মালয়েশিয়া থেকে দেশে আসে। একপর্যায়ে গত ২৩ আগস্ট রাত ১১টায় ওই তরুণীকে বিয়ের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় আশিক।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত যুবকসহ চার জনকে আসামি করে মামলা করেছেন। তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।