সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষক মঞ্জুর হোসেন মাইকেল (৩৬) মারা গেছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মঞ্জুর হোসেন উপজেলার মুরাদপুর ইউনিয়নের মাঝিবাড়ির নূর ছাপার ছেলে। দুই সন্তানের জনক মঞ্জুর উপজেলা সদর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।

মঞ্জুর হোসেনের প্রতিবেশী নুরুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল নিয়ে মঞ্জুর হোসেন বিদ্যালয়ে যাচ্ছিলেন। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে একটি গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে পড়ে আহত হন। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষক দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। তবে এ নিয়ে অভিযোগ করেনি নিহতের পরিবার।’