পুলিশ দেখে দৌড়, কিছু দূর যাওয়ার পর মৃত্যু

কুমিল্লার বুড়িচং উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলার এই বাহিনীর উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা দৌড়ে পালানোর সময় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ ভারেল্লা ইউনিয়নের শোভারামপুরে এই ঘটনা ঘটেছে।

ওই ব্যক্তির নাম মিজানুর রহমান (৪৫)। তিনি শোভারামপুর এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যান মিজানুর। পরে পুলিশ তাদের খুঁজে না পেয়ে চলে আসে। এ সময় কিছু দূরের একটি কাঁচা রাস্তায় তিন পড়ে যান। ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া এক নারী তাকে শুয়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দিলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়ার আসর থেকে পালাতে গিয়ে হয়তো পথে স্ট্রোক করে মারা গেছে। ওখানে কেউ ছিলই না।

বুড়িচং থানার ওসি মারুফ রহমান বলেন, পুলিশকে তারা অন্তত ১০০ হাত দূর থেকে দেখেছে। এরপরই উঠে দৌড়ে পালিয়ে যায়। আর খুঁজে না পেয়ে পুলিশ চলে আসে। পরে শুনেছি, সে মারা গেছে। মৃত্যুর পর শুনেছি, আগে থেকেই সে হার্টের রোগী ছিল। হয়তো ভয়ে সে স্ট্রোক করে মারা গেছে। যদি পরিবার অভিযোগ করে আমরা তদন্ত করবো।