রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে চাঁদা না পেয়ে সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই ইউপি এলাকার আগর বাগান নামক স্থানে তিমুর সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিটও ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, অটোকিশাচালক দুই জন যাত্রী নিয়ে রাঙামাটি থেকে কাপ্তাইয়ে যাচ্ছিল। এমন সময় তিন জন লোক অটোরিকশা থামিয়ে চাঁদা দাবি করেন। তবে তা না পেয়ে পরে তারা অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় তারা।
ভুক্তভোগী চালক মো. কামাল হোসেন বলেন, সকালে রির্জাভ বাজার থেকে দুই নারীকে নিয়ে কাপ্তাই যাওয়ার পথে চার-পাঁচ জন ছেলে পথ আটকে দেয়। আমার কাছে টোকেন না থাকায় তাদের বসের কাছে যেতে বলে। সবার কাছে অস্ত্র থাকায় আমিও ভয়ে ছিলাম। তাদের বস আমাকে গুলি করতে চেয়েছে। আমি তখন পা ধরে জীবন ভিক্ষা চাই এবং আমি এক হাজার টাকা দিয়ে টোকেন নিতে চাই। তবে তারা তা না শুনে অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। তিনি জানান, অভিযুক্তরা আঞ্চলিক সংগঠন জেএসএসের সদস্য বলে মনে হয়েছে।
রাঙামাটি অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, এ বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া না হলে জরুরি সভা করে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আপাতত আমরা থানায় অভিযোগ দিয়েছি।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। শুনেছি চাঁদার কারণে এই ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা দেখছি।