রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার আসামির মৃত্যু

কক্সবাজারে আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার অন্যতম আসামি মৌলভী মোহাম্মদ জাকারিয়া (৫৩) মারা গেছেন। 

গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোহাম্মদ জাকারিয়া উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-১ ইস্টের মৃত আব্দুল করিমের ছেলে। 

রবিবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন জানান, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার আসামি জাকারিয়া। মুহিবুল্লাহ হত্যার ঘটনায় উখিয়া থানায় করা মামলায় গত ৬ মার্চ তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছিল। ২৪ জুলাই অসুস্থতাবোধ করলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়। গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ সেপ্টেম্বর রাত ৯টা ৪০ মিনিটে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি মারা গেছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন। ৩০ সেপ্টেম্বর মুহিববুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত ভার পান উখিয়া থানার ওসি তদন্ত সালাহ উদ্দিন। তদন্ত  শেষে সোমবার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।

আদালত সূত্র জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতার ১৫ জনের মধ্যে চার জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সঙ্গে তিন জন সাক্ষীও ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এই হত্যাকাণ্ডে ৩৬ জনকে জড়িত হিসেবে শনাক্ত করা হলেও সাত জনের ঠিকানা ও অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। তাই ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১১ সেপ্টেম্বর মুহিবুল্লাহ হত্যা মামলার আসামিদের আদালতে বিচার শুরু হয়েছে।