শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা

চট্টগ্রামে এক শিশুকে (৭) ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাত বছর বয়সী শিশুর লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা আসামিদের গ্রেফতারে চেষ্টা করছি।’  

এর আগে রবিবার দুপুরে নগরের বন্দর থানার পোর্ট কলোনির ৮ নম্বর সড়কের মুখে একটি পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগীর খালার বাসা নগরীর বড়পোল এলাকায়। গত শনিবার সকালে খালার বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। বড়পোল এলাকায় গেলে এক রিকশাচালক তাকে বিরিয়ানি কিনে দেওয়ার কথা বলে। তার সঙ্গে প্রতিবেশী এক মেয়েও ছিল। সে যেতে চাইলেও তাকে নিয়ে যায়নি ওই রিকশাচালক। শুধু ওই শিশুকে রিকশায় তুলে দ্রুত চলে যায়। 

প্রতিবেশী মেয়েটি বাড়িতে গিয়ে বিষয়টি বুক্তভোগীর মাকে জানায়। পরে তাকে খুঁজতে বের হন স্বজনরা। না পেয়ে রাতে মাইকিং করা হয়। বেলা ১১টার দিকে পোর্ট কলোনির পরিত্যক্ত বাসায় লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এর মধ্যে শিশুটির স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। শিশুটির বাবা পেশায় রিকশাচালক। থাকেন নগরের বড়পোল এলাকায়। মা গৃহকর্মী।

নিহত শিশুর বাবা বলেন, ‘আমার মেয়েকে এক রিকশাচালক বিরিয়ানি কিনে দেওয়ার কথা বলে রিকশায় তুলে নিয়ে গেছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।’