বিমানের ইঞ্জিনে পাখি, ২ ফ্লাইটের যাত্রা বাতিল

বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফ্লাইট দুটির যাত্রা বাতিল করে কর্তৃপক্ষ। দুটি ফ্লাইটের মধ্যে একটি ফ্লাই দুবাই এয়ারওয়েজ, আরেকটি মাস্কটগামী বাংলাদেশ বিমান। বিমান দুটিতে ৪৩৪ যাত্রী ছিলেন। তাদেরকে পাঠানো হয়েছে হোটেলে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শাহ আমানত বিমানবন্দর থেকে এসব ফ্লাইট বাতিল করে এয়ারলাইনস কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।

তিনি বলেন, রাত ৮টা ২৬ মিনিটে ফ্লাই দুবাইয়ের বিমানটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। ফিরতি ফ্লাইটে ১৮০ যাত্রী নিয়ে রাত সাড়ে ৯টার দিকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে অবতরণের পর চেকিংয়ের সময় ইঞ্জিনের ভেতর পাখি ঢুকে পড়ার বিষয়টি ধরা পড়ে। অনেকক্ষণ চেষ্টার পরও ত্রুটি সারানো না যাওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়। একই কারণে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইট বাতিল করা হয়েছে। এই ফ্লাইটে ২৫৪ জন যাত্রী ছিলেন। ফ্লাইটের ১৮০ যাত্রীকে ফ্লাই দুবাই কর্তৃপক্ষ বিভিন্ন হোটেলে রেখেছে। বাংলাদেশ বিমানের যাত্রীদের রাত ১২টার পর পর্যায়ক্রমে নগরের বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রিযাপনের ব্যবস্থা করে দেয় বিমান কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র জানায়, মাস্কাটগামী বিমানের ফ্লাইটের শিডিউল পরিবর্তন করে শুক্রবার দুপুর ১২টায় রাখা হয়েছে। সকালে ইঞ্জিনিয়ার এসে ত্রুটি সারানোর পর গন্তব্যে রওনা দেবে বিমানগুলো।