কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই কেজি ১২০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৮০ হাজার ইয়াবাসহ একটি ইজিবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়নের খারাংখালী থেকে আইস ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।
বিজিবি ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বিজিবির একটি টহল দল ভোরে দুই জনকে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। গতিবিধি সন্দেহ হওয়ায় তাদেরকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তারা না থেমে একটি ব্যাগ ফেলে নাফ নদী সাঁতরে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে ব্যাগভর্তি দুই কেজি আইস ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
এদিকে একই সময়ে বিজিবি টেকনাফ হোয়াইক্যং চেক পোস্টে একটি ইজিবাইকের সিটের নিচ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইজিবাইকের চালক পালিয়ে যায়। টেকনাফ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক।