শান্তিরক্ষা মিশনে নিহত সেনা কর্মকর্তার স্ত্রী পরিচয়ে প্রায় ১৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারী ও তার চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় জোড়া দম্পতিসহ সাত জনকে গ্রেফতার করে র্যাব। সোমবার (১০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন।
গ্রেফতার হয়েছেন মূলহোতা লক্ষ্মীপুর জেলার পশ্চিম জামিরতলী এলাকার মৃত শামসুল হকের মেয়ে নুসরাত জাহান জান্নাত, তার স্বামী আমির হোসেনের ছেলে আব্দুর রহমান, মোহাম্মদ নগর এলাকার মৃত ইব্রাহিমের ছেলে সাহাবুদ্দিন ওরফে আলাউদ্দিন, তার স্ত্রী মোহাম্মদ নগরের আমির হোসেনের মেয়ে পারভীন আক্তার, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মো. সোলায়মান মিয়ার ছেলে মো. ইলিয়াস হোসেন, সদর দক্ষিণ থানার ফাতেমা আক্তার (৩৫), বরুড়া থানার মো. বশির উদ্দিন।
র্যাব কর্মকর্তা জানান, একই ধরনের প্রতারণার শিকার দুই ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করেন। প্রথম ভুক্তভোগী অভিযোগে জানান, জুলাই মাসে নুসরাত জাহান জান্নাত নামের এক নারী নিজেকে শান্তিরক্ষা মিশনে নিহত সেনা কর্মকর্তার স্ত্রী পরিচয়ে তার ভবনের ফ্ল্যাট ভাড়া নেয়। প্রথম ভুক্তভোগীকে নুসরাত পরিচয় দেওয়া নারী জানান- তার স্বামীর সরকারি অনুদানের টাকা ব্যাংকে আছে। টাকার পরিমাণ এক কোটি। যা উত্তোলন করতে ব্যাংকে ১০ শতাংশ হারে ভ্যাট হিসেবে ১০ লাখ টাকা জমা দিতে হবে। তার কাছে দুই লাখ টাকা রয়েছে। তাকে আরও ৮ লাখ টাকা সংগ্রহ করতে হবে। টাকা উত্তোলনের ৩০ মিনিটের মধ্যে পাওনা টাকা পরিশোধেরও কথা বলে নুসরাত। এ কথার ওপর বিশ্বাস করে প্রথম ভুক্তভোগী ৮ আগস্ট তাকে ৮ লাখ টাকা দেয়। টাকা পাওয়ার পর পরই নুসরাত উধাও হয়।
আরেক ভুক্তভোগী জানান, তার পার্শ্ববর্তী ফ্ল্যাটের এক নারী একই ধরনের গল্প বলে তার থেকে ৯ লাখ ৭০ হাজার টাকা ২ ঘণ্টার জন্য ধার হিসেবে নিয়ে লাপাত্তা হয়।
কোম্পানি অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন বলেন, আমরা তদন্ত করে দেখি দুটি ঘটনায় একই চক্র জড়িত। পরে তাদের গ্রেফতারের পর থানায় সোপর্দ করা হয়।