‘বিএনপির সমাবেশে যারা যাবে তাদের এলাকায় ঢুকতে দেওয়া হবে না’

চট্টগ্রামে বুধবার (১২ অক্টোবর) বিকাল থেকে চলছে বিএনপির বিভাগীয় গণসমাবেশে। এই সমাবেশে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ধুম ইউনিয়ন থেকে কেউ অংশ নিলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাদের এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ৪নং ধুম ইউনিয়নের স্থানীয় ঘোলকেরহাট বাজারে মাইকিং করে এমন ঘোষণা দেন তিনি। মুহূর্তেই ওই বক্তব্যের ভিডিও যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সেখানে জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, ‘আগামী বৃহস্পতিবার (১৩ অক্টোবর) প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য সন্তান মাহবুব রহমান রুহেলের উপস্থিতিতে ইউনিয়ন আওয়ামী লীগের ১০ কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওই সভা সফল এবং সার্থক করতে সবার সহযোগিতা কামনা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ বছর ধরে দেশ শাসন করছেন। ওনার আমলে কোথায় কী হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আমাদের ধুম ইউনিয়নে অনেক উন্নয়ন হয়েছে এবং এই ধারা অব্যাহত আছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সবার সহযোগিতা চাই।’

তিনি বলেন, ‘আমরা শুনেছি বুধবার নাকি উন্নয়নের ধারা ব্যাহত করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত-বিএনপি কোথাও (চট্টগ্রাম) সমাবেশ ডেকেছে। এই সমাবেশ আমরা প্রত্যাখ্যান করি। ৪নং ধুম ইউনিয়ন থেকে কোনও ব্যক্তি, ছাত্র, যুবক, ব্যবসায়ী ওই সমাবেশে অংশগ্রহণ করবে না। সমাবেশে যদি কোনও ছাত্র, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী অংশগ্রহণ করে, তাদের প্রতি আমাদের ঘোষণা থাকলো, তারা বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত এলাকায় ফিরে আসতে পারবে না। তোমরা যেন এলাকায় ফিরে না আসো। তাদের প্রতিহত করার জন্য আমি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সব স্তরের নেতাকর্মীদের আহ্বান জানাবো। তাদের একে একে চিহ্নিত করা হোক।’

এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, ‘আমি বলেছি সন্ত্রাসের বিরুদ্ধে। এলাকায় যারা সন্ত্রাসী কার্যক্রম করে, তাদের বিরুদ্ধে। এলাকায় গাছ চুরি, মাছ চুরি করে। আমি বলেছি, যে সমাবেশে লাঠি নিয়ে জ্বালাও পোড়াওয়ের কথা বলে সন্ত্রাস করে, তারা যাতে না আসে।’