চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেসরকারি হাসপাতালে ৩৭ ও সরকারি হাসপাতালে ৬৭ জন চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে অক্টোবর মাসের ২২ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ২০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮৭৭ জন মহানগরের ও ৩২৫ জন জেলার বাসিন্দা।
রবিবার (২২ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডেঙ্গুতে চট্টগ্রামে চলতি বছর ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই হাজার ১৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৯৮৭, নারী ৫২৭ ও শিশু ৫০৩ জন।’
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জানুয়ারিতে ৯, ফেব্রুয়ারিতে ৪, মার্চে ১, এপ্রিলে ৩, জুনে ১৯, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১ ও অক্টোবরে এক হাজার ২০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মহানগরের এক হাজার ৪৮০ জন রয়েছেন।
উপজেলা পর্যায়ে ৫৩৭ জন আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ২৪, সাতকানিয়ায় ৫৪, বাঁশখালীতে ২৩, আনোয়ারায় ১৩, চন্দনাইশে ১৫, পটিয়ায় ৫৭, বোয়ালখালীতে ২৩, রাঙ্গুনিয়ায় ১৪, রাউজানে ১৫, ফটিকছড়িতে ১৩, হাটহাজারীতে ৪১, সীতাকুণ্ডে ১৩৮, মীরসরাইয়ে ১৫ জন, সন্দ্বীপে ছয় ও কর্ণফুলীতে ৮৬ জন।