যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির রায় কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর চট্টগ্রামের গুডস্ হিলের বাসা শনিবার (২৯ অক্টোবর) ঘেরাও করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নামে একটি সংগঠন।
এই কর্মসূচি সফল করার লক্ষ্যে শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জামাল খান এলাকার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে একটি মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা একটি সভা করেন। সম্প্রতি চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে সাকাপুত্র হুম্মাম কাদের চৌধুরীর দেওয়া বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে।
সেখানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, চিহ্নিত যুদ্ধাপরাধীদের স্ত্রী-সন্তানদের রাজনীতি নিষিদ্ধ ও সম্পদ বাজেয়াপ্তের দাবি, বিএনপি-জামায়েতের সন্ত্রাস, নৈরাজ্যমূলক কর্মকাণ্ড, জঙ্গি মদত ও নাশকতার প্রতিবাদে শনিবার সকাল ১০টায় নগরের গণি বেকারি মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে ‘মুক্তিযুদ্ধকালীন বীর মুক্তিযোদ্ধাদের নির্যাতন কেন্দ্র ও সাকা চৌধুরীর রাজাকার ক্যাম্প নামে খ্যাত গুডস হিল’ ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
তারা বলেন, বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ শব্দগুলো আমাদের অস্তিত্ব। সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী সাকা চৌধুরীকে তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী প্রকাশ্যে শহীদ বলায় আমরা মনে করি, এটা লাল-সবুজের পতাকার অবমাননা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম অঞ্চলের মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্যাতন করা হতো সাকা চৌধুরীর ‘গুডস হিল’ বাড়িতে। পাকিস্তানি ঘাতক বাহিনীকে সঙ্গে নিয়ে বাঙালি মুক্তিযোদ্ধাদের পরিবার ও নারীদের ওপর অমানবিক নির্যাতন চালাতো এই যুদ্ধাপরাধী।
সংগঠনের মহানগর কমিটির আহ্বায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও জেলার সদস্য সচিব মো. কামরুল হুদা পাভেলের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল হক চৌধুরী সৈয়দ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক রাসেল, সংগঠনের মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, সদস্য আশরাফুল হক চৌধুরী।