ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে হাবিজুল ইসলাম (২৫) নামের এক যুবকের গলায় কাচের গ্লাসের টুকরো ঢুকিয়ে দিয়েছেন স্ত্রী। সোমবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর বিকালে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত যুবক কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার পাঁচলীপাড়ার নুর ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিজুল ইসলাম পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায় হলেও জীবিকার তাগিদে তিনি আখাউড়ার কলেজপাড়ায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন। তার সঙ্গে স্ত্রী মুক্তার পারিবারিক কলহ চলছে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে দুজনের মধ্যে বাগবিতণ্ডা চলছিল। একপর্যায়ে ঘরে পড়ে থাকা কাঁচের গ্লাস ভাঙা দিয়ে মুক্তা তার স্বামীর গলায় ঢুকিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় হাবিজুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান প্রতিবেশীরা। পরে বিকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া আখাউড়া থানার এসআই মহিন উদ্দিন জানান, হাবিজুল জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।