চালকরা ঘুমিয়ে গেলে গাড়ির তেল চুরি করতো তারা

রাতের বেলা দূরপাল্লার পণ্যপরিবহন ট্রাকের চালকরা অনেক সময় ক্লান্ত হয়ে সড়কের পাশে পার্কিং করে বিশ্রাম নিতো। এ সুযোগে তেল চুরি হতো। এমন অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তিন হাজার ৪০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। শুক্রবার (১১ নভেম্বর) কুমিল্লার সদর উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো— সদর উপজেলার শ্রীবল্লভপুর (পশ্চিমপাড়া) গ্রামের মো. এরশাদ মিয়ার ছেলে মো.  মাসুদ মিয়া (২৮) এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ছোট শাদিপুর গ্রামের মৃত আবু সালেকের ছেলে মোস্তাফিজুর রহমান শিপলু (৩৪)। এ সময় চোরাই ডিজেল পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

র‍্যাবের কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতার দুই যুবক তেল চুরি চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ডিপো হতে এবং দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রীকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে তেল চুরি করতো। তারা দীর্ঘদিন ধরে পিকআপের ওপর বিশেষ কায়দায় তেলের ড্রাম সেট করে মহাসড়কে চলাচলরত ট্রাক ও কাভার্ডভ্যানের ট্যাংক হতে গোপনে তেল চুরি করে আসছিল। এই তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।