১৩ দিন পাঞ্জা লড়ে মারা গেলেন ডাকাতের হামলায় আহত অর্জুন

১৩ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন ফেনীর সোনাগাজীতে ডাকাতের হামলায় আহত অর্জুন ভাদুড়ি। শনিবার (১২ নভেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।

তিনি উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের বিরেন্দ্র ভাদুড়ীর ছেলে । হামলার ঘটনায় তার মেয়ে তাফসী ভাদুড়ী বাদী হয়ে সোনাগাজী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

সোনাগাজী থানার ওসি খালিদ দাইয়ান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজের মাধ্যমে আসামিদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর ফেনীর সোনাগাজীর জমাদার বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অর্জুন ভাদুড়িকে (৬১) ডাকাত দল কুপিয়ে গুরুতর জখম করে। ওই সময় ডাকাতরা তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে স্বর্ণালংকার লুট করে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় জটিল অপারেশনের পর তাকে আইসিইউতে রাখা হয়।

অর্জুন ভাদুড়ির ভাতিজা মানিক ভাদুড়ি জানান, আইসিইউতে থাকা অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে অবস্থা জটিল আকার ধারণ করে। শুক্রবার বিকালে কিডনি ডায়ালাইসিস করার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে শনিবার ভোর ৫টার  দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।