ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আবারও সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) বিকালে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল কমির সেলিম এমপি।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর ও সদস্য পারভীন সুলতানা কল্পনা।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।
বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৬-(বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ.বি.এম তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আল-মামুন সরকার।
সম্মেলনে আগের কমিটির সভাপতি পদে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে নতুন কমিটির সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান আল-মামুন সরকারকে সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি ও মাহবুবুল বারী চৌধুরী মন্টুকে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি শেখ ফজলুল করিম সেলিম এমপি।
পরে তিনি ৫ সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।