ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে লরির ধাক্কায় স্বামীর মোটরসাইকেলে আরোহী এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে মহাসড়কের কুমিল্লার বুড়িচং এলাকার ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকার পূবালী ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ছিটকে পড়ে আহত হয়েছেন মোটরসাইকেল চালক। নিহতের নাম ইভা আক্তার (২৫)। আহত স্বামীর নাম রবিউল ইসলাম (৩২)। তাদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার আজ্ঞাপুর গ্রামে। রবিউল ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত রবিউলকে হাসপাতালে পাঠিয়েছি। স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর লরিটি দ্রুত বেগে চলে যায়। দুর্ঘটনার কারণ জানতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।