‘রাজনীতি করি না, পেটনীতি করি’

‘রাজনীতি করি না। বিএনপির সমাবেশে আওয়ামী লীগের জিনিসপত্র এবং আওয়ামী লীগের সমাবেশে বিএনপির জিনিস বেচা যায় না। তাই রাজনীতি করি না। রাজনীতি করলে খামু কী? আমি পেটনীতি করি। ঘুমাতে গেলে মনে হয়, কাল কী খামু?’

কুমিল্লার বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে বিএনপির পতাকা ও বিভিন্ন প্রতীক বিক্রেতা আল আমিন শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে এসব কথা বলেন। সমাবেশস্থল কুমিল্লার কান্দিরপাড়ের ঐতিহাসিক টাউন হল মাঠের গেটে এমন অন্তত ২০ জন বিক্রেতাকে দেখা গেছে।

কথা হয় চার জনের সঙ্গে। তারা জানিয়েছেন, প্রতিটি কোট পিন গড়ে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করা হচ্ছে। সবাই সমাবেশের ৫ থেকে ৬ দিন আগেই কুমিল্লায় এসেছেন। প্রতিদিন আড়াই থেকে তিন হাজার টাকার মালামাল বিক্রি হচ্ছে।

আল আমিন বলেন, ‘ঢাকা থেকে এসেছি। আমরা রাজনীতি করি না। বিএনপির সমাবেশে বিএনপির কোট পিন বিক্রি করি আর আওয়ামী লীগের সম্মেলনে আওয়ামী লীগেরগুলো বিক্রি করি। ঢাকাতে থাকি। সেখান থেকে জেলায় জেলায় যাই। টিভিতে কুমিল্লার সমাবেশের কথা শুনে এখানে এসেছি।’

নারায়ণগঞ্জ থেকে আসা কোট পিন বিক্রেতা শাহ আলম বলেন, ‘দুই ছেলে-মেয়ের পড়াশোনা থেকে শুরু করে সব চালাতে হয়। সব জিনিসের দাম বেড়েছে। অনেক মিটিংয়ে যাওয়া হয়। তবে বিএনপিরগুলাতে মানুষ বেশি হয়। বেচাও ভালো। তাই বিএনপির মিটিং হলেই আসি। সেটা যেখানেই হোক। সমাবেশ শেষ হলে আবার শহরে ফিরবো।’