ঢাকায় কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় বুধবার রাতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল থেকে গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ ও দুইটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়। চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন আলমাস সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক মানস দে বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এ ঘটনায় পুলিশ জড়িত থাকার অভিযোগে ছাত্রদল ও যুবদলের তিন জনকে গ্রেফতার করেছে। তারা হলেন- ইরফানুল হাসান রকি (৩২), আরিফুর রহমান (৩২) ও নজরুল ইসলাম (৩০)।
কোতোয়ালি থানার ওসি মো. জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করা হয়। নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।