ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র (শটগান) ও চার রাউন্ড গুলিসহ মো. রফিক (২২) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। সে ৭ নম্বর ক্যাম্পের ই/৪ ব্লকের মো. আব্দুর রহমানের ছেলে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, ক্যাম্প-৮ ইস্ট এলাকায় কতিপয় দুষ্কৃতিকারীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং যেকোনও সময় সন্ত্রাসী কার্যক্রম সংঘটন করতে পারে— এমন তথ্যের ভিত্তিতে এপিবিএন অভিযান চালানয়। এ সময় একটি দেশীয় শটগান ও চার রাউন্ড গুলিসহ ওই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।