এক পিকআপ বিদেশি মদ উদ্ধার

চট্টগ্রামে পিকআপভর্তি বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নগরের ইপিজেড থানা পুলিশ। সোমবার (১২ ডিসেম্বর) ভোরে ইপিজেড থানাধীন আকমল আলী লিংরোড এলাকায় অভিযান চালিয়ে ৪৪ কার্টনে ৫২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব মদের বাজার মূল অন্তত ৪০ লাখ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পিকআপের হেলপার মো. সেলিম উদ্দিনকে (৩৫) গ্রেফতার করা হয়। সেলিম কুমিল্লা জেলার মো. আবুল কাশেমের ছেলে। সোমবার বিকালে ইপিজেড থানায় এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। 

ইপিজেড থানার ওসি আব্দুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপভর্তি ৫২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় ওই গাড়ির হেলপার সেলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয়েছে পিকআপটি। অভিযান টের পেয়ে আরও ৪-৫ জন পালিয়েছে। এসব বিদেশি মদ কোথায় থেকে এলো এবং এসব মদের গন্তব্য কোথায় ছিল তা জানার চেষ্টা করছি। আশা করছি, তদন্তে এসব তথ্য উঠে আসবে। পলাতক আসামিদেরও আমরা চিহ্নিত করতে সক্ষম হবো।