চট্টগ্রামের মীরসরাইয়ে প্রাইভেটকারের ধাক্কায় ফায়জাতুন নুর ফাবিহা (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম পোলমোগরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ফাবিহা সাহেরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শেখ আলী পন্ডিত বাড়ির নুরুল করিম দুলালের মেয়ে। সে খৈয়াছরা ইউয়িনয়ের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোলমোগরা এলাকার নানার বাড়ি থেকে পড়ালেখা করতো। পশ্চিম পোলমোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ফাবিহা।
প্রত্যক্ষদর্শী মো. জিয়া উদ্দিন বলেন, ‘বুধবার দুপুরে চট্টগ্রাম শহর থেকে সিডিএম বাসে পোলমোগরা এলাকায় আসছিলাম। আমাদের বাসের সামনে ছিল প্রাইভেটকারটি। ওই ছাত্রী রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিল। এ সময় প্রাইভেটকারের ধাক্কায় ১৫-২০ হাত দূরে গিয়ে পড়ে। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করি। প্রাইভেটকারটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।’
ফাবিহার বড় বোন ফাতেহা বলেন, ‘আমি মীরসরাই পৌর সদরের মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করি। বিজয় দিবস উপলক্ষে আমার স্কুলে আজ স্কাউটের প্রস্তুতি অনুষ্ঠান ছিল। যাওয়ার সময় ফাবিহাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম। আমার ফিরতে দেরি হবে বলে তাকে লেগুনায় তুলে দিই। কিছুক্ষণ খবর পাই রাস্তা পারের সময় প্রাইভেটকারের ধাক্কায় মারা গেছে ফাবিহা।’
পশ্চিম পোলমোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল গণি বলেন, ‘আজ আমাদের বিদ্যালয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলে। অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টায় স্কুল ছুটি হয়ে যায়। ফাবিহা আজ স্কুল আসেনি। সে তার বড় বোনের স্কুলে গিয়েছিল। বাসায় ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।’
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি আমাদের জানানো হয়নি। খোঁজখবর নিয়ে দেখছি।’