চট্টগ্রাম কাস্টমস হাউসের সৈনিক পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গত দুদিনে ২৩ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এর মধ্যে বুধবার (২৮ ডিসেম্বর) পাঁচ, আগের দিন মঙ্গলবার ১৮ জনকে আটকের পর পাহাড়তলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় কাস্টমস কর্মকর্তারা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার এ কে এম মহিউদ্দিন সেলিম এ তথ্য নিশ্চিত করেন।
কাস্টমস হাউসের সৈনিক পদে গত ২৩ ডিসেম্বর (শুক্রবার) প্রার্থীদের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়। পরে সোমবার (২৬ ডিসেম্বর) থেকে পাহাড়তলী থানা এলাকায় অবস্থিত কাস্টমস এক্সাইজ ও ভ্যাট প্রশিক্ষণ অ্যাকাডেমিতে শুরু হয় মৌখিক পরীক্ষা। তিন দিন ধরে চলা মৌখিক পরীক্ষার শেষ দিন ছিল আজ। আটক ব্যক্তিরা কেউ লিখিত পরীক্ষায় অংশ নেননি। পরীক্ষার্থী ভাড়া করে তাদের মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নেন। কাস্টমস কর্মকর্তাদের তদন্তে জালিয়াতির বিষয়টি যারা ধরা পড়েছে- তাদেরকেই আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রোজিনা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, মঙ্গলবার আটক ১৮ জনকে কাস্টমস কর্মকর্তার করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আজ আটক পাঁচ জনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।