বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আওয়ামী লীগের পায়ের নিচে এখন আর মাটি নেই। বিএনপিকে বাদ দিয়ে তাদের আর নির্বাচন করা সম্ভব না।’
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকালে জেলা শহরের গ্র্যান্ড ভ্যালি হোটেল মিলনায়তনে ১০ দফা দাবি এবং রাষ্ট্র মেরামতে বিএনপির দেওয়া রূপরেখা বিশ্লেষণমূলক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, ‘ইভিএম হচ্ছে ইলেক্ট্রিকভাবে চুরির মেশিন। এর মাধ্যমে নির্বাচন মানেই বর্তমান সরকারের সবচেয়ে বড় চুরি। বাংলাদেশ সম্প্রতি চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পর্যুদস্ত। এ দেশে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, জ্বালানি, গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরোসিন ও বিদ্যুতের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিবহন ব্যয় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।’
তিনি বলেন, ‘এখানে একদিকে নজিরবিহীন মূল্যস্ফীতি, অন্যদিকে অনির্বাচিত সরকারের দুঃশাসন মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। অর্থনীতির মূল খাতগুলো ক্ষমতাসীনদের যোগসাজশে একদিকে সীমাহীন দুর্নীতি, অন্যদিকে চরম অব্যবস্থাপনার ফলে মারাত্মকভাবে ভেঙে পড়েছে।’
এ সময় তিনি বিএনপির ১০ দফা দাবি ও রাষ্ট্র মেরামতের দাবিগুলো তুলেন। সেখানে জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।