রাঙামাটির কাউখালী উপজেলায় প্রশিক্ষণের সময় গুলিবিদ্ধ হয়ে আহত পুলিশের তিন সদস্যকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ২টার দিকে তাদের চমেক হাসপাতালে আনা হয়। এর আগে, সকালে রাঙ্গামাটি জেলার বেতবুনিয়া উপজেলার পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, রাঙামাটি জেলায় বেতবুনিয়া ট্রেনিং সেন্টারে ফায়ারিং স্পটে আহত তিন পুলিশ সদস্যকে দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। আহতরা হলেন- নগরীর পাহাড়তলী থানার কনস্টেবল মিনু আরা ও বাকলিয়া থানার কনস্টেবল অভি বড়ুয়া ও সুমন কান্তি দে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাঙামাটির কাউখালী থানার ওসি পারভেজ আলী জানান, ফায়ারিংয়ের সময় মাথা ঘুরে পড়ে যান স্পেশাল ফোর্সের কনস্টেবল নার্গিস। সে সময় তার গুলিতে কনস্টেবল মিনু, সুমন ও অভি বিদ্ধ হন। মিনু পাহাড়তলি থানায় এবং সুমন ও অভি বড়ুয়া বাকলিয়া থানায় কর্মরত আছেন।
পিএসটিএসে ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, আহতদের চট্টগ্রাম উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে। মিনুর কাঁধে আঘাত, সুমনের বাঁ পায়ে ও অভি বড়ুয়া ডান হাতে আঘাত পেয়েছেন। সবাই শঙ্কামুক্ত। প্রশিক্ষণকালে এমন ঘটনা ঘটেছে, এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই।